আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন। তবে খুব শিগগিরই আবার মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। নির্দিষ্ট কোনো দিন-ক্ষণ না জানালেও ইন্টার মায়ামি কোচ তারা মার্টিনো আশার কথাই বলেছেন। মৌসুম শেষের আগেই মেসিকে মাঠে দেখা যাবে বলে বিশ্বাস তার।
কোপা আমেরিকা ফাইনালের পর আর মাঠে দেখা যায়নি মেসিকে। কবে ফিরবেন তিনি, সে বিষয়েও জানা যাচ্ছে না কিছুই। তার মাঠে ফেরার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলেছে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা। আর তাতে বাড়ছে সমর্থকদের উৎকণ্ঠা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। সেই দলেও রাখা হয়নি মেসিকে। ধারণা করা হচ্ছিল, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে। তবে ঠিক এমন সময় আশার কথাই জানালেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্টিনো।
মেসির প্রসঙ্গে মার্টিনো বলেন, 'সে দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে মাঠে আছে এবং ট্রেইনারদের সঙ্গে কাজ করছে। তার অবস্থার উন্নতি হচ্ছে। মেসিকে আর্জেন্টিনা দলে রাখা হয়নি, কারণ সে খেলার মতো অবস্থায় নেই। কবে নাগাদ সে মাঠে ফিরবে, সেই বিষয়ে আমরা এখনই অনুমান করে কিছু বলছি না। অনুশীলনে ফেরার পর মাঠে সে কেমন অনুভব করছে সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।'
মেসিকে ছাড়া ইন্টার মায়ামি ব্যর্থ হয়েছে লিগস কাপের শিরোপা ধরে রাখতে। তবে মেজর লিগে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে ক্লাবটি। সম্ভাবনা আছে আসরের প্রথম শিরোপা জয়েরও। কোচের আশা, মৌসুম শেষের আগে মায়ামির জার্সিতে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে।
মার্টিনো বলেন, 'মেসি এখন অনেক ভালো অনুভব করছে। গেল তিন-চার দিন ধরে মাঠে অনুশীলন করছে সে। ফেরার খুব কাছে আছে সে। চোট থেকে সেরে ওঠার শারীরিক ও মানসিক দিক আছে। সে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে এই দুই দিক নিয়েই কাজ করা হচ্ছে।'
কোপা আমেরিকার আগ পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলেছেন মেসি। যুক্তরাষ্ট্রে নিজের অভিষেক মৌসুমে ১৪ ম্যাচে করেছিলেন ১১ গোল। আর চলতি মৌসুমে ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন এই তারকা।

0 Comments