বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই নিহতদের হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ জড়িত ব্যক্তিদের। সেই তালিকায় রয়েছেন দেশসেরা ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও। তাই হুমকির মুখে পড়েছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার।
জাতীয় দল থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। এমন দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা।

সাকিবের বিরুদ্ধে এই হত্যা মামলার প্রতিবাদ জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন রুবেল হোসেন, এনামুল হক বিজয় এবং শরিফুল ইসলাম

রুবেল হোসেন তার ফেসবুক এক পোস্টে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।